
ঢাকার প্রবেশদ্বার সাভার ও আশুলিয়ার তিনটি সড়কে পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে চলছে পরিবহন। আবার কোনো কোনো জায়গায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার মধ্যরাতে এই শিল্পাঞ্চলে এমন যানজটের চিত্র দেখা গেছে। যানজটে আটকে পড়ে আছে বেশিরভাগ গরুর ট্রাক ও লড়ি।
জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে সিএন্ডবি পর্যন্ত ৬ কিলোমিটার ও হেমায়েতপুর থেকে গাবতলী পর্যন্ত ঢাকাগামী লেনে প্রায় ৭ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এবং টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া থেকে ধউর পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে গাড়ির জটলা লেগে আছে। এছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ডে পরিবহন কচ্ছপ গতিতে চলছে।
এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টি আই এডমিন) আব্দুস সালাম বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো সড়কেই কোনো যানজট ছিল না৷ সন্ধ্যার পর থেকেই কিছুটা গাড়ির চাপ বেড়েছে৷ তবে আমাদের ট্রাফিক পুলিশ সড়কে রয়েছে। খুব তাড়াতাড়ি সড়ক স্বাভাবিক হয়ে যাবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ