নাটোরে এক গৃহবধূর সাবেক স্বামীর ছুরিকাঘাতে বর্তমান স্বামীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা রেল স্টেশনের ওভারব্রিজে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে নিহত রাকিব হোসেন (২৫) শহরের চক বৈদ্যনাথ নূরুপাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একই এলাকার মানিকের ছেলে রাসেল একটি মাদক মামলায় অনেক দিন থেকে নাটোর কারাগারে বন্দি ছিলেন। এই সময়ে তার স্ত্রী সাথী বেগমের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে রাকিব হোসেনের। এক পর্যায়ে স্বামী কারাগারে আটক থাকা অবস্থায় তাকে তালাক দিয়ে রাকিব হোসেনকে বিয়ে করে সাথী বেগম। মঙ্গলবার সন্ধ্যায় কারাগার থেকে ছাড়া পায় গৃহবধূর সাবেক স্বামী স্থানীয় সন্ত্রাসী কাটা রাসেল হিসেবে পরিচিত রাসেল হোসেন।
বুধবার দুপুরে সে রাকিব হোসেনকে নাটোর রেল ষ্টেশনে ডেন নেয় কথা বলতে। এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির সূত্রপাত হয়। একপর্যায়ে রাসেল বর্তমান স্বামী রাকিব হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাকিব হোসেনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই শাকিল বলেন, মাদক ব্যবসায়ী লাবণ্য সিদ্দিকা ওরফে সাথী কৌশলে রাকিবকে গত ১২ মে বিয়ে করেছিল। নিয়মিত তাদের বাড়িতে মাদকের আসর বসানো শুরু করলে তাতে বাধা দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে তাদের হুমকি দিলে ১৭ মে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে সাথী বেগম মোহরানা ও খোরপোশ বাবদ এক লাখ টাকার জন্য নানাজনকে দিয়ে হুমকি ও চাপ দিচ্ছিল। ২২ মে সে কারণে নিরাপত্তা চেয়ে নাটোর থানায় রাকিব জিডি করেছিল। জিডির ৯ দিনের মাথায় তাকে হত্যা করা হলো।
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী পার্থ নামে এক যুবক রাকিব হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে চকবৈদ্যনাথ বাজার এলাকায় নিয়ে স্থানীয় সন্ত্রাসী রাসেল হোসেন ওরফে কাটা রাসেল রাকিবকে বুকের ডান ও বাম পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051