থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ ফুটসালের নারী বিভাগে শক্তিশালী ভারতকে ৩–১ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচে নেতৃত্বে থেকে দলকে জয়ের পথে নিয়ে যান অধিনায়ক সাবিনা খাতুন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধে সাবিনার জোড়া গোলে ২–০ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজের দল। দুটি গোলেই সহায়তা করেন কৃষ্ণা রাণী সরকার। ফুটসালে যেখানে আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই সমান দায়িত্ব পালন করতে হয়, সেখানে সাবিনা গোল করার পাশাপাশি রক্ষণ সামলাতেও ছিলেন দারুণ কার্যকর। ধারাভাষ্যকাররাও ম্যাচের চেয়ে সাবিনার ক্যারিয়ার ও তার ফুটবলীয় গুণাগুণ নিয়েই বেশি আলোচনা করেন।
দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার আপ্রাণ চেষ্টা চালায় ভারত। কয়েকটি আক্রমণ প্রতিহত করে গুরুত্বপূর্ণ সেভ দেন বাংলাদেশের গোলরক্ষক ঝিলিক। ভারত গোলের সুযোগ কাজে লাগাতে না পারলেও বাংলাদেশ কাউন্টার অ্যাটাক থেকে আরও একটি গোল করে ব্যবধান বাড়ায়। সুমাইয়া মাতসুসিমা গোল করে লিড ৩–০ করেন।
এর কিছুক্ষণ পর ভারত একটি গোল শোধ দিলেও ম্যাচে আর ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ৩–১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল।
উল্লেখ্য, ২০১৮ সালে এই থাইল্যান্ডেই এশিয়ান ফুটসালের বাছাইপর্ব খেলেছিল বাংলাদেশ নারী দল। দীর্ঘ সাত বছর পর আবার আন্তর্জাতিক ফুটসালে অংশ নেওয়ার সুযোগ পেল তারা, আর সেই প্রত্যাবর্তনই রাঙাল জয় দিয়ে।
সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, মাসুরা পারভীন ও সুমাইয়া মাতসুসিমাকে জাতীয় দলে ডেকেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত ব্রিটিশ কোচ পিটার বাটলার। স্ট্যান্ডার্ড ফুটবলে নিয়মিত খেলার সুযোগ না পেয়ে তারা ফুটসালে নামলেও এখানেও নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে সাবিনা ও সুমাইয়ার দেশের বাইরে ফুটসাল লিগে খেলার অভিজ্ঞতা দলের জন্য বড় ভূমিকা রাখে।
বাংলাদেশ ও ভারতের লড়াই ক্রীড়াঙ্গনে বরাবরই বাড়তি উত্তেজনা তৈরি করে। সাম্প্রতিক সময়ে ক্রিকেটে মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে সম্পর্কের টানাপোড়েনের আবহে থাইল্যান্ডে টানা দুই দিন নারী ও পুরুষ—দুই বিভাগেই মুখোমুখি হয় দুই দেশ। যদিও উভয় ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই খেলাগুলো সম্পন্ন হয়—যা ক্রীড়াসুলভ আচরণের ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকল।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051