
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি জেব্রার মৃত্যু হয়েছে। এ নিয়ে ১০টি জেব্রার মৃত্যু হলো।
শনিবার দুপুরে জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির। মৃত্যুর কারণ জানতে ফের বৈঠকে বসেছে বিশেষজ্ঞ দল।
প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির জানান, শনিবার সকালে জেব্রা পালের দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক দুটি জেব্রাকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে একটি জেব্রা মারা যায়। অপর জেব্রাটির চিকিৎসা চলছে। অসুস্থ ও মৃত্যুর কারণ নির্ণয়ে বিশেষজ্ঞ টিম পার্কে পৌঁছে তাদের কাজ শুরু করেছে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারি জোনের আফ্রিকান সাফারিতে ৯টি জেব্রা মারা যায়। ৯টি জেব্রার মৃত্যুর কারণ জানতে সাফারি পার্কে বৈঠক শেষে এর কারণ হিসেবে নিজেদের মধ্যে মারামারি এবং ব্যাকটেরিয়ার আক্রমণকে দায়ী করেছিল বিশেষজ্ঞ দল।
ভিন্নবার্তা ডটকম/আর