সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে দেশে-বিদেশে বিভিন্ন কোম্পানি খুলে গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে।
অভিযোগ অনুসন্ধানে শিগগিরই অনুসন্ধান টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুদক এ বিষয়ে সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
দুদক সূত্রে জানা যায়, আমজাদ হোসেন নামে বেনামে কোম্পানি খুলে ব্যাংকটির খুলনা শাখা ও কাঁটাখালী শাখা ব্যবহার করে আমদানি-রপ্তানি ও ঋণের আড়ালে নানাবিধ দুর্নীতি, অনিয়ম, জালিয়াতির মাধ্যমে আমানতকারীদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এজন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২ (শ) ধারায় সম্পৃক্ত অপরাধ অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এদিকে এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে ২০০ কোটি টাকার ঋণ জালিয়াতিসহ বিভিন্ন দুর্নীতির একটি অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
২০১৭ সালের জুন মাস থেকে দুদক উপপরিচালক (গুলশান) আনোয়ার প্রধান সেই অনুসন্ধানের দায়িত্বপালন করছেন।
দুদক সূত্রে আরও জানা যায়, এস এম আমজাদ হোসেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০০ কোটি টাকা ঋণ দিয়েছেন বলে অভিযোগ উঠলে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে ঋণ জালিয়াতির প্রাথমিক সত্যতা পাওয়ায় আমজাদ হোসেন ও তার পরিবারবর্গের ব্যক্তিগত ব্যাংক হিসাব ফ্রিজের জন্যও চিঠি দেয়া হয়।
তার নিজের, স্ত্রী ও মেয়ের নামে থাকা ব্যাংকের শেয়ার বিক্রিতেও রয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও সব ধরনের স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের জন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ৭৬টি চিঠি দিয়েছে দুদক। ২০২০ সালের ৯ জানুয়ারি আমজাদ হোসেন, তার স্ত্রী ও কন্যার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞায় বিভিন্ন দপ্তরে চিঠি দেয় দুদক।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051