
সাইবার নিরাপত্তা ও অপরাধ দমনে পুলিশের জন্য আলাদা একটি নতুন ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার সিকিউরিটির জন্য পুলিশের সদরদপ্তরে একজন অতিরিক্ত আইজিপির পদ সৃষ্টি করা হবে। এ ইউনিটের শাখা মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়েও থাকবে।
তিনি বলেন, থানা ও জেলা পর্যায়ের সাইবার সিকিউরিটি ইউনিটে আধুনিক যন্ত্রপাতি থাকবে। পাশাপাশি সদরদপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় আকারের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার ব্যবস্থা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে প্রকল্প প্রণয়নের জন্য কয়েক সপ্তাহ আগে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব সাইবার অপরাধ জটিল, সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হবে। আর থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব এমন বিষয়গুলো সেখানেই নিষ্পত্তি করা হবে।
তিনি বলেন, সাইবার স্পেসকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ আধুনিক অপরাধপ্রবণতার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিভিন্ন দেশে মোট অপরাধের উল্লেখযোগ্য অংশ সাইবার বা স্ক্যামভিত্তিক হওয়ায় বাংলাদেশেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051