নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রকাশ্যে সাংবাদিক মো. ইলিয়াসকে কুপিয়ে হত্যার ঘটনায় আটজনকে আসামি করে মামলা হয়েছে। তাদের মধ্যে পুলিশ তিন আসামিকে গ্রেফতার করেছে।
রোববার রাতে বন্দর থানায় সাংবাদিক ইলিয়াসের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- তুষার (২৮), মিনা (৬০) ও মিসির আলী (৫৩)। এ সময় গ্রেফতার তুষারের গায়ের জামায় রক্ত লেগে ছিল।
মামলায় অন্য আসামিরা হলেন- হাসনাত আহমেদ তুর্জয় (২৪), মাসুদ (৩৬), সাগর (২৬), পাভেল (২৫) ও হজরত আলী (৫০)। তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
জানা যায়, রোববার রাত ৮টার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা চৌরাস্তায় ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক ইলিয়াসকে।
নিহত ইলিয়াস হোসেন (৪৫) স্থানীয় দৈনিক বিজয় পত্রিকায় নিজস্ব সংবাদদাতা হিসেবে কাজ করতেন। তিনি বন্দর উপজেলার জিওধারা চৌরাস্তা এলাকার মজিবর মিয়ার ছেলে।
এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, হত্যা মামলায় আটজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিরা পলাতক রয়েছে।
তিনি জানান, অবৈধ গ্যাস সংযোগ ও মাদকসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ ও বিস্তারিত তদন্তের পর হত্যার মূল কারণ জানা যাবে।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051