বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট টিভি’র জ্যেষ্ঠ প্রতিবেদক রিশাদ হুদাকে মারধরের অভিযোগে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে মারধরের ঘটনায় গতকাল শনিবার রাতে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
মামলার আসামিরা হলেন- ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহম্মেদ, সহযোগী তানভীর ও ইউসুফসহ ১২ জন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মওদুদ হাওলাদার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকাল ৪টার দিকে রিশাদ মোটরসাইকেলযোগে শাহবাগের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাডো গাড়ি সড়কের বামের রাস্তা আটকায় ছিল। পরে রিশাদ হর্ন দিলে গাড়ি থেকে নাজিমসহ দুই জন নেমে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার হেলমেট খুলে সেটা দিয়ে তাকে মারধর করেন। লোকজন জড়ো হয়ে গেলে রিশাদের মোটরসাইকেলের চাবি নিয়ে নেন নাজিম।
এজাহার সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে দুঃখ প্রকাশ করার অভিনয় করে আসামি নাজিম মোটরসাইকেলের চাবি নিতে রিশাদকে আজিজ সুপার মার্কেটের সামনে যেতে বলে। চাবি আনার জন্য মার্কেটের দোকান মালিক সমিতির অফিসে গেলে আসামিদের ১০-১৫ জনের একটি দল দ্বিতীয় দফায় মারধর করে এবং সাংবাদিক রিশাদের মোবাইল ভেঙে ভয়ভীতি দেখায় ও হত্যার হুমকি দেয়।
এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাজিম আহম্মেদকে গ্রেফতার করে। উল্লেখ্য, সাংবাদিক রিশাদ বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ছেলে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051