ফেনীর সাংবাদিকতার বাতিঘর, বর্ষীয়ান সাংবাদিক, ফেনী প্রেসক্লাবের একাধিকবারের সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের সাবেক ফেনী জেলা প্রতিনিধি ও ফেনীর প্রাচীনতম পত্রিকা সাপ্তাহিক হকার্সের সম্পাদক নূরুল করিম মজুমদার চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
রোববার (০৫ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে তার ছেলে তারেক মজুমদার নিশ্চিত করেছেন। মৃত্যুর আগে তিনি স্ত্রী, এক ছেলে-এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তারেক মজুমদার জানান, তিনি বেশ কিছুদিন করোনার উপসর্গসহ শ্বাসকষ্টে ভোগার পর প্রথমে তাকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৩ জুলাই ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়। উনাকে ভেন্টিলেটর সাপোর্ট দেয়ার পরও শ্বাস নেয়ার প্রক্রিয়া স্বাভাবিক হয়নি। রোববার সকালে তার অক্সিজেন লেভেল ৩৫ এ নামে যায়। রোববার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তার স্বজনদের আলোচনা স্বাপেক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ করে দেন। পরে রাত সোয়া ৮টার দিকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
করিম মজুমদার সর্বশেষ ফেনী প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি ডেইলি স্টার, ইউএনবির ফেনীর সাবেক প্রতিনিধি ছিলেন। ফেনী ডায়াবেটিক হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও আজীবন সদস্য, ফেনী সেন্ট্রাল হাই স্কুল গভর্নিং কমিটির সভাপতিসহ সাংবাদিক ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন।
করিম মজুমদার মৃত্যুতে ফেনী প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, তার মৃত্যুতে ফেনীবাসী মূল্যবান সম্পদ ও অন্যতম শ্রেষ্ঠ এক কৃতী সন্তানকে হারালো। তারা তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
নুরুল করিম মজুমদার-এর জানাজা নামাজ সোমবার সকাল ১০টায় পূর্ব উকিল পাড়াস্থ তার নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051