
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে বড় বড় অপরাধ, অনিয়ম আটকে দেন। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখায় সমাজের অসঙ্গতি যেমন বন্ধ হয় ঠিক তেমনি অপসাংবাদিকতার হাত থেকে সাংবাদিকতাকে রক্ষা করে সমাজকে বাঁচাতে হবে।
মঙ্গলবার সাতকানিয়া প্রেস ক্লাবের সহযোগিতায় পিআইবির তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে বক্তারা এসব কথা বলেন।
সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী।
সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক মজলিশ ফুয়াদ, সাতকানিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন। অনুষ্ঠান শেষে সাতকানিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের ব্যাগ ও গেঞ্জি উপহার তুলে দেন অতিথিরা।
এর আগে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আইআইইউসির ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দীন হাছান চৌধুরী, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।
প্রশিক্ষণে সাতকানিয়া, লোহাগাড়া, বোয়ালখালী, আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার প্রায় ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ