ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বুধবার দুপুরে যুবলীগের 'মিছিলের মধ্যে গায়ে ধাক্কা লাগা'কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। উপজেলা সদরের উচালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সরাইল থানা পুলিশ অন্তত এক ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন।
খোঁজ নিয়ে জানা গেছে, যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধার সমর্থকরা সরাইল শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। এ সময় সরাইল উপজেলা সদরের গরুর বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন মিল্লাতের আরেকটি মিছিল এলে একাধিক সমর্থকের গায়ে ধাক্কা লাগে। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
পরে উভয় পক্ষের সমর্থকরা দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপার (এসএসপি) মো. আনিসুর রহমান জানান, যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051