সরকার নিজ দলের লোকদের পেট ভরানোর জন্য নানা কৌশলে চুরি করার সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার সকালে সূত্রাপুর এলাকায় রায়সা বাজার মোড়ে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে এ ত্রাণ বিতরণে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সুত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় রিজভী বলেন, করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। প্রতিদিন মৃত্যুর খবর আসছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পাশাপাশি মানুষ না খেয়েও মারা যাচ্ছে। কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কোন কাজ নেই। লকডাউনে মানুষ ঘরে বন্দি কাজ পাবে কোথায়। তাদের সহায়তা করার জন্য বিভিন্ন পাড়া-মহল্লায় জেলায় মহানগরীতে বিএনপি নেতা-কর্মীরা অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে। তারা গরীব-দুস্থদের মাঝে চাল ডাল তেল আলু বিতরণ করছেন।
তিনি বলেন, বিএনপি'র নেতাকর্মীরা যখন নিজেদের পকেটের টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করে মানুষকে দিচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি ক্ষমতাসীন দলের লোকদের খাটের মধ্যে থেকে তেল বেরাচ্ছে। গর্তের ভেতর থেকে চাল বের হচ্ছে। গ্রামের খড়ের পালার ভেতর থেকে হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে। এটা কি জনকল্যাণমূলক সরকারের চরিত্র। সরকারের তো এই মুহূর্তে এমনভাবে নেমে আসা উচিত যাতে প্রতিটি মানুষ কিছু পায়, প্রতিটি মানুষের পেট ভরে। তা না করে দলীয় লোকদের পেট ভরানোর জন্য নানা কৌশলে চুরি করার সুযোগ দেয়া হচ্ছে। এভাবে চলতে পারে না।
ত্রাণ বিতরণের সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, আজকে সারা বিশ্বে মহামারী চলছে। বাংলাদেশে মহামারী মোকাবেলায় সাহস নিয়ে সবাইকে কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে। আমাদের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে। অসহায় মানুষ যাতে না খেয়ে মারা না যায় সেই ব্যবস্থা করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে কাজ করা উচিত ছিল। কিন্তু সরকার সেটা করেনি। তবে বিএনপি নেতা-কর্মীরা অসহায় দুস্থ ও গরীব মানুষের পাশে আছে এবং থাকবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051