
নেত্রকোনা প্রতিনিধি: সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি,গুপ্ত সংগঠনের গোপন তৎপরতা এবং অন্তবর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মানুন খান রনি’র নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সহশ্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণ বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রনি বলেন,একটি সংগঠন দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য দিয়ে যাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে,যা উদ্বেগজনক। এই প্রতিবাদ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।