সারা দেশে সয়াবিন তেলের নতুন দর আজ থেকে কার্যকর হবে। এতে এখন থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৬৩ টাকায়। প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়।
গত ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক টাস্কফোর্সের সভায় সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
তারপর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তি দিয়ে দাম কমানোর কথা জানায়, যা আজ ১ মার্চ থেকে কার্যকর হওয়ার কথা।
সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘সরকার পাঁচ টাকা শুল্ককর ছাড় দিয়েছে। এখন রমজান সামনে রেখে আপনারা নিজেরাও পাঁচ টাকা ছাড় দেন।’
সভায় উপস্থিত মিলমালিক ও তেল পরিশোধনকারীরা তা মেনে নিলে নতুন দাম নির্ধারিত হয়।
তবে পবিত্র ঈদুল ফিতরের পর সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
এর আগে গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে চার নিত্যপণ্যের শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গত ৮ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চার পণ্য চাল, চিনি, তেল ও খেজুরের শুল্ককর কমানোর ঘোষণা দেয়। তবে ঘোষণার তিন সপ্তাহের মধ্যেও এর সুফল নেই বাজারে।
উল্টো বাড়ছে চিনি ও খেজুরের দাম।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051