দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী দেশের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ‘সম্প্রতি দুর্গাপূজা চলাকালীন বিভিন্ন অজুহাতে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আক্রমণ করে দেশের সম্প্রীতির পরিবেশ নষ্ট করেছে একটি গোষ্ঠী। দেশে সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে।’
মঙ্গলবার (২৬ অক্টোবর) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ক্ষতিগ্রস্ত দেবালয়, মন্দির ও ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি এবং হতাহতদের পুনর্বাসন বিষয়ে এক বিশেষ আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ সময় ফরিদুল হক খান বলেন, ‘শারদীয় দুর্গাপূজা এবং তার পর সংগঠিত সহিংসতায় ক্ষতিগ্রস্ত দেবালয় ও ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি এবং হতাহতদের পুনর্বাসন করা হবে। হিন্দু ধর্মাবলম্বীদের মনোবল দ্রুত ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘গত দুর্গাপূজার সময় সংগঠিত সহিংসতায় ক্ষতিগ্রস্ত মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি এবং হতাহতদের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে সংগ্রহ করা হবে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক ও ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করা হবে। এ ঘটনায় দায়েরকৃত মামলা দ্রুত বিচার আইনে বিচার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয়ভাবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময়/আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এক ও অভিন্ন শিক্ষাব্যবস্থা প্রচলনের উদ্যোগ নেওয়া হবে।’
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বীরেন শিকদার, মনোরঞ্জন শীল গোপাল, অসীম কুমার উকিল, পঙ্কজ দেবনাথ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সচিব মুনিম হাসান ও মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শৈলন্দনাথ মজুমদার উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051