অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের পর দ্বিতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে।
রবিবার সকাল আটটা থেকে হলে উঠতে শুরু করেন এসব বর্ষের ছাত্র-ছাত্রীরা। ফুল, চকলেট ও মাস্ক দিয়ে তাদের স্বাগত জানান সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষক ও কর্মকর্তারা। তবে, আশানুরুপ ভিড় লক্ষ্য করা যায়নি হলগুলোর সামনে।
এর আগে, গত ৫ অক্টোবর অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খোলা হয়। একই দিন সন্ধ্যায় সব বর্ষের শিক্ষার্থীদের জন্য ১০ অক্টোবর থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। তবে বিশ্ববিদ্যালয়ের ঘোষিত তারিখের আগেই বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, এমনকি মার্স্টাসের ফলাফল ঘোষিত হওয়া অছাত্ররাও হলে উঠে যান।
জানা যায়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের একটি বড় অংশ ইতোমধ্যে হলে উঠায় হলগুলোতে প্রবেশে তেমন একটা ভিড় লক্ষ্য করা যায়নি। এছাড়াও আগামী ১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার ঘোষণা আসায় গণরুমে থাকা শিক্ষার্থীরা আগে-ভাগে হলে আসতে আগ্রহ বোধ করছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বেশির ভাগ শিক্ষার্থীই ইতোমধ্যেই হলে উঠে গেছেন। এমনকি তাদের অনেকে এ মাসের শুরু থেকেই হলে অবস্থান করছেন। সকালে বিজয় একাত্তরে হলে প্রবেশ করতে চাইলে প্রথম বর্ষের অনাবাসিক বেশ কিছু শিক্ষার্থীকে বাধা দেয় হল প্রশাসন। তবে ছাত্রলীগের সহযোগিতায় পরে তারা হলে উঠে যায়। এ বিষয়ে হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল বাছির জানান, কিছু শিক্ষার্থী দূরদূরান্ত থেকে চলে আসছে, ওরা গণরুমের শিক্ষার্থী। আপাতত তালিকা করে ওদের থাকতে দিয়েছি। দুই তিনদিনের মধ্যে (বরাদ্দ দিয়ে) ওদের মূল সিটে পাঠিয়ে দেওয়া হবে।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ‘গণরুম থাকবে না’-বলা হলেও ছেলেদের অধিকাংশ হলেই গণরুম আগের অবস্থাতে ফিরতে শুরু করেছে। গণরুমে থাকা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ার সাথে সাথে গণরুমগুলোও পূর্ণ হয়ে যাবে।
একইভাবে, ‘হলগুলোতে কোনোভাবেই অছাত্র ও বহিরাগতদের থাকতে দেওয়া হবে না’- এমন সিদ্ধান্ত নেওয়া হলেও এব্যাপারে প্রশাসন অনেকটা ‘গা বাঁচিয়ে চলার নীতি’ অনুসরণ করছে। এক্ষেত্রে মেয়েদের হলে প্রশাসনের নিয়ন্ত্রণ থাকলেও ছেলেদের হলে তা শুন্য। বেশ কয়েকটি হলে অছাত্ররা উঠলেও তাদের নামিয়ে দিতে কোনো ব্যবস্থাই নিচ্ছে না প্রশাসন। উল্লেখ্য, অছাত্রদের মধ্যে একটি বড় অংশ ক্ষমতাসীন ছাত্রসংগঠনের রাজনীতির সাথে জড়িত। আরেকটি অংশ অবৈধভাবে হলে অবস্থান করে চাকরির প্রস্তুতি নেন।
রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি হলের গেটে স্থাপিত হাত ধোয়ার বেসিন ও ক্যান্টিন ঘুরে দেখেন এবং হলে উঠা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ‘শিক্ষার্থীরা ভ্যাকসিন নিয়ে হলে উঠা’য় সন্তোষ প্রকাশ করেন উপাচার্য। এসময় অছাত্রদের হলে উঠা ও গণরুমের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আপনাদের তথ্যগুলো হল প্রশাসনের কাজে লাগবে। যাদের ছাত্রত্ব শেষ, তারা নতুন শিক্ষার্থীদের সুযোগ করে দেবে। এক্ষেত্রে ‘ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো’সহ সকলে সহযোগিতা করলে আমরা সংকট কাটিয়ে উঠতে পারবো।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051