খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, সবার ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে সবার সমান অধিকার। শেখ হাসিনার সরকার সেটাই নিশ্চিত করে চলেছে।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে গরু ও গোখাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা চিন্তা করে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্য এটি অন্যতম। এই প্রকল্পের আওতায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তাই সরকারের এসব প্রণোদনা কাজে লাগাতে হবে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করে সামাজিক উন্নয়নে অবদান রাখতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি তলাবিহীন ঝুড়ির দেশকে টানতে টানতে আজকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। বর্তমান সরকার কৃষকদের প্রণোদনা দিচ্ছে। সারের অভাব নেই। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার পাশাপাশি বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। এর ফলে আমাদের কৃষিতে বিপ্লব ঘটেছে। দেশে খাদ্যের অভাব নেই।
এ সময় খাদ্যমন্ত্রী ১৪০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে উন্নত জাতের বোকনা গরু ও গোখাদ্য বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক উত্তম কুমার দাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন মনোয়ারা হক, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, উপ-প্রকল্প পরিচালক আনোয়ার সাহাদত প্রমুখ বক্তব্য দেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051