মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগির কেজি এখন ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সাত দিনের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে প্রায় ৪০ থেকে ৫০ টাকা।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারসহ আশপাশের বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। হঠাৎ দাম বাড়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বাজারে দেখা যায়, ব্রয়লারের পাশাপাশি অন্যান্য জাতের মুরগির দামও বেশ চড়া। কক মুরগি কেজিপ্রতি প্রায় ৩৫০ টাকা, লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি প্রায় ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, সাম্প্রতিক সময়ে সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বাড়ার কারণেই দাম বেড়েছে। বিশেষ করে রমজান সামনে রেখে মুরগির চাহিদা বাড়ায় পাইকারি বাজারেই দাম বৃদ্ধি পেয়েছে।
নিউমার্কেট এলাকার এক বিক্রেতা জানান, গত সপ্তাহেও ব্রয়লার ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু কয়েক দিনের মধ্যে পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
হঠাৎ দাম বৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। অনেকেই বলছেন, এক সপ্তাহের ব্যবধানে এত বড় মূল্যবৃদ্ধি সংসারের ব্যয় বাড়িয়ে দিচ্ছে।
এদিকে মাছের বাজারেও দামের তারতম্য দেখা গেছে। বাজারভেদে চাষের পাঙাশ মাছ ১৮০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা এবং রুই মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বড় আকারের নদীর মাছের দাম আরও বেশি। বিভিন্ন প্রজাতির ছোট মাছের কেজি ৪০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
সবজির বাজারেও কিছুটা বাড়তি দাম লক্ষ্য করা গেছে। মান ও আকারভেদে বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা এবং পটল ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বিক্রেতাদের মতে, শীতকালীন সবজির মৌসুম শেষের দিকে হওয়ায় বাজারে সরবরাহ কিছুটা কমেছে, যার প্রভাব দামের ওপর পড়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051