ঈদ আনন্দের হলেও ঈদুল আজহায় সবাই দুশ্চিন্তায় থাকেন কোরবানির বর্জ্য নিয়ে। তবে এবার বর্জ্য নিয়ে চট্টগ্রামবাসীকে তেমন বেগ পেতে হয়নি। সকাল থেকে শুরু হয় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অধীনে বর্জ্য অপসারণ কার্যক্রম। সন্ধ্যা নাগাদ অধিকাংশ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কোরবানির পশুর বর্জ্য। এতে সন্তোষ প্রকাশের পাশাপাশি খুশি নগরবাসী।
রোববার (১০ জুলাই) বিকেলে নগরীর আলমাস সিনেমা হল মোড় এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে আসেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।
সেসময় তিনি বলেন, নগরীতে বিকেল চারটার মধ্যে প্রায় ৮০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। সন্ধ্যার মধ্যেই সব বর্জ্য অপসারণ সম্ভব বলে জানান
তিনি।
এর আগে সকালে চসিক মেয়র বলেন, নগরকে ৭ ঘণ্টার মধ্যে বর্জ্যমুক্ত করতে চাই। এজন্য ৪১টি ওয়ার্ডকে ৬টি জোনে বিভক্ত করা হয়েছে। পাঁচ হাজার কর্মী কাজ করছেন সকাল থেকে। বর্জ্য অপসারণে কনজারভেন্সি বিভাগ, প্রকৌশল বিভাগ, ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন।
তিনি বলেন, কোরবানির বর্জ্য পরিবহনের জন্য ৩৪৫টি গাড়ি, ১৩০টি কনটেইনার মুভার ব্যবহার করা হচ্ছে। এগুলো দিয়ে আবর্জনা ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে, সন্ধ্যার মধ্যে নগরীর বেশিরভাগ এলাকায় বর্জ্য অপসারণ হলেও মূল সড়কের ডাস্টবিনগুলোতে সন্ধ্যার পরেও সিটি করপোরেশনের কর্মীদের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে।
নগরীর আলকরণ এলাকার বাসিন্দা জাফরুল আলম বলেন, আমরা সকাল ৮টায় পশু জবাই করেছি। ১০টার পর থেকে দেখি সিটি করপোরেশনের লোকজন বর্জ্য নিতে চলে এসেছেন। দুপুরের মধ্যে আমার এলাকা পরিষ্কার হয়ে গেছে।
চান্দগাঁও এলাকার আলী আজগর বলেন, অন্য বছর বর্জ্য পরিষ্কার হতে হতে বিকেল হয়ে যেতো। এবার দেখি দুপুরের আগে বেশিরভাগ বর্জ্য অপসারণ হয়েছে।
তবে আলমাস সিনেমা এলাকায় কথা হলে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি বলেন, এখানে তিন রাস্তার মধ্যখানে ডাস্টবিন। গন্ধে থাকা দুষ্কর। হাঁটাচলাও যায় না। তিনি বলেন, সকাল থেকে বর্জ্য পরিষ্কার শুরু হলেও ভ্যানে ময়লা-আবর্জনা আনা হয় কিছুক্ষণ পর পর। এতে একবার পরিষ্কার হলেও কিছুক্ষণ পর দেখা যায় আবার ময়লা-আবর্জনায় ভরে গেছে। সন্ধ্যার পরেও এখান থেকে বর্জ্য পরিষ্কার করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051