
নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধার দিকে উপজেলার হেতেমদী-সাগরদী বাইপাস সড়কের মইশাকান্দী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- চালাকচর গ্রামের আবুল খায়েরের ছেলে মো. ইমরান হোসেন (২৫) এবং মোটরসাইকেল আরোহী আসিফ মাহমুদ (২৬)।
তিনি মনোহরদী উপজেলার হাফিজপুর মৌলভীপাড়া গ্রামের রাজিউদ্দিনের ছেলে। এ সময় গুরুতর আহত হয়েছেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা গ্রামের আব্দুল মোতালিবের ছেলে রিফাত (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, মইশাকান্দী এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়।
পরে গুরুতর আহত অবস্থায় দুইজনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তাদেরকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর ইমরানের মৃত্যু হয়। আহত রিফাতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।