দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়া কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম (৪০) মারা গেছেন।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাহাঙ্গীর গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে কর্তব্যরত অবস্থায় এসআই জাহাঙ্গীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমান জানান, এসআই জাহাঙ্গীর বুকে ব্যথা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন জানান, এসআই জাহাঙ্গীর সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকর খালেদ জানান, পরিবারের ইচ্ছায় তাকে পুলিশের ব্যবস্থায় গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রাথমিক দাফন কাফনের জন্য কিছু টাকা দেয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051