নির্বাচন কমিশনের (ইসি) হাতে বিধি প্রণয়নের ক্ষমতা দিয়ে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ বিল উঠেছে জাতীয় সংসদে। সংসদ নির্বাচনের আগে দৈব-দুর্বিপাকে সীমানা পুনঃনির্ধারণ সম্ভব না হলে বিদ্যমান সীমানায় নতুন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুযোগ রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।
শনিবার সংসদের বৈঠকে ‘জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। পরে বিলটি পরীক্ষা করে ৬০ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়। নতুন আইন পাস হলে ১৯৭৬ সালের ‘দ্য ডিলিমিটেশন অব কন্সটিটিউয়েন্সিস অর্ডিনেন্স’ রহিত হবে।
এর আগে চলতি একাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন থেকে রোডম্যাপ ঘোষণা করে এ আইন সংশোধনে উদ্যোগ নেওয়া হয়েছিল। ইসির বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আয়োজিত সংলাপেও এ আইনের বিষয়ে নানামুখি প্রস্তাব দেওয়া হয়। এরপর নির্বাচন কমিশনার কবিতা খানমের নেতৃত্বে আইন সংশোধনের প্রস্তাব তৈরিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন আইন সংস্কার কমিটি গঠন করা হয়। বিপুল অংকের অর্থ ব্যয় করে ইসির পক্ষ থেকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় ইসি একাধিকবার আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। যদিও তা সুপারিশ আকারে ফেরত আসে আইন মন্ত্রণালয় থেকে। এছাড়া উত্থাপিত বিলে ইসির এসব প্রস্তাবের কোনো কিছুই ঠাঁই পায়নি।
এসব প্রস্তাবের মধ্যে ছিল জেলাভিত্তিক ও জনসংখ্যার বিষয় আমলে নিয়ে আসন নির্ধারণ করা। একই উপজেলার ইউনিয়নগুলো একাধিক আসনে রাখার সুযোগ বন্ধ করে দেওয়া। সিটি করপোরেশন এলাকায় জনসংখ্যা ও ভোটার বাড়লেও আসন যাতে না বাড়ে, সে ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন ধরনের প্রস্তাব করা হয়েছিল। তবে সংশ্লিষ্টরা বলছেন, বিধি প্রণয়নের ক্ষমতা ইসির হাতে থাকায় এসব প্রস্তাব সংযোজনের সুযোগ ভবিষ্যতেও থাকছে।
শনিবার সংসদ বৈঠকে উত্থাপিত বিলে বিদ্যমান আইনের ৮ নম্বর ধারায় একটি উপধারা যুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দৈব-দুর্বিপাকে বা অন্য কোনো কারণে আঞ্চলিক সীমানা নির্ধারণ করা না গেলে বিদ্যমান সীমানার আলোকেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল সংক্রান্ত উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে এবং বাংলায় আইন করতেই মূলত বিলটি আনা হয়েছে। সংবিধানের ১১৯ (গ) অনুচ্ছেদে ইসিকে সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করার কথা বলা হয়েছে। আবার ১২৪ অনুচ্ছেদে ইসিকে সংসদ আইনের দ্বারা নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ করার কথাও বলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সংসদ নির্বাচন এলাকা সীমানা নির্ধারণ বিধান অধ্যাদেশ-১৯৭৬ জারি করা হয়। এরপর থেকেই এই অধ্যাদেশের বলে সংসদ নির্বাচনের সীমানা পুনঃবিন্যাস হয়ে আসছে। নতুন আইন হলে এর বিধানে এসব কার্যক্রম পরিচালিত হবে।
বিদ্যমান আইনের ধারা-১ এ একটি নতুন উপধারার প্রস্তাব করা হয়েছে, যেখানে আইনটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। বিলে আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের কথা বলা হয়েছে। এক্ষেত্রে সংবিধানের ৬৫(২) অনুচ্ছেদে উল্লিখিত সংখ্যক সংসদ সদস্য নির্বাচিত করতে পুরো দেশকে উক্ত সংখ্যক একক আঞ্চলিক নির্বাচনী এলাকায় বিভক্ত করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে ভৌগলিক অখণ্ডতা বজায় রাখা এবং আদমশুমারির ভিত্তিতে যতদূর সম্ভব বাস্তবভিত্তিক বণ্টনের কথা বলা হয়েছে।
বিলের ৭ ধারায় বলা হয়েছে, ইসির সীমানা নির্ধারণের বিষয় নিয়ে দেশের কোনো আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলা যাবে না।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন-২০১১ এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সামরিক ফরমান দ্বারা জারি করা দ্য ডিলিমিটেশন অব কন্সটিটিউয়েন্সিস অর্ডিনেন্স-১৯৭৬ এর কার্যকারিতা লোপ পায়। যার পরিপ্রেক্ষিতে জনস্বার্থে আবশ্যক বিবেচনায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে জারি করা কতিপয় অধ্যাদেশ কার্যকরকরণ (বিশেষ বিধান) আইন-২০১৩ দ্বারা অন্যান্য কতিপয় অধ্যাদেশের সঙ্গে এ অর্ডিনেন্সও কার্যকর রাখা হয়। পরে সরকার সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশগুলো সব স্টেকহোল্ডার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণ করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে বাংলায় নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করে। ওই সিদ্ধান্তের আলোকে অর্ডিনেন্সটির প্রয়োজনীয়তা বিবেচনা করে তা রহিত করে সংশোধনসহ পুনঃপ্রণয়নের উদ্দেশে প্রস্তাবিত বিলটি প্রস্তুত করা হয়েছে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘প্রস্তাবিত বিলে সংবিধানের ৬৫ (২) অনুচ্ছেদে উল্লিখিত সংখ্যক একক আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি, ক্ষমতা অর্পণ ও কমিশনকে সহায়তা প্রদান এবং কমিশন কর্তৃক বিধি প্রণয়নের ক্ষমতা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি আইনে পরিণত হলে জাতীয় সংসদের একক আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কাজ সুচারুরূপে সম্পাদন করা সম্ভব হবে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051