ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে ২৯৬ জন সংসদ সদস্যের তালিকা (ভোটার তালিকা) নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে সংসদ সচিবালয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা এই তথ্য নিশ্চিত করেছে।
ইসি কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের তিন কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয় থেকে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। সেই ধারাবাহিকতায় ২৯৬ জনের একটি তালিকা আজ কমিশনে এসে পৌঁছেছে। এখন এই তালিকার ভিত্তিতে পরবর্তী নির্বাচনী কার্যক্রম হাতে নেওয়া হবে।
সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ জানিয়েছেন, কমিশন দ্রুততম সময়ের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে চায়। আমরা প্রাথমিক পরিকল্পনা করছি যাতে পবিত্র রমজান মাসের মধ্যেই সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।
ইসি সচিবালয় সূত্র জানায়, সংসদ সচিবালয় থেকে প্রাপ্ত তালিকাটি এখন যাচাই-বাছাই করা হবে। এরপর কমিশন সভা করে নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৬টি আসনের ফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে। বাকি আসনগুলোর আইনি বা প্রযুক্তিগত প্রক্রিয়া শেষে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051