চলমান সংকটকালে প্রবাসীদের সমস্যা সমাধানের দাবি জানিয়েছে মালয়েশিয়া প্রেসক্লাব। স্থানীয় সময় শনিবার (১২ জুন) রাত ১০টায় বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার নিয়মিত ভার্চুয়াল আয়োজন ‘প্রবাসীদের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি তুলে ধরা হয়।
আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, মহামারির সময় প্রবাসীদের যে সমস্যাগুলো সামনে এসেছে, সেগুলো চিহ্নিত করে তাদের ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিতে সরকারের কাছে আমরা প্রবাসীদের হয়ে দাবি রাখতে পারি। পাশাপাশি যেসব দেশের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে, দ্রুত ফ্লাইট চলাচলে কূটনৈতিক তৎপরতা জোরদার করার দাবিও জানান তারা।
এছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে দেশে ছুটিতে থাকা কর্মীদের কর্মস্থলে ফেরার সুযোগ তৈরি হবে। সেজন্য ছুটিতে এসে আটকা পড়া প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রদান করলে তাদের জন্য কাজে ফেরা সহজ হবে বলে উল্লেখ করেন বক্তারা।
আলোচনায় অংশ নেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী, এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লব, ব্র্যাকের মাইগ্রেশন প্রধান শরিফুল হাসান।
প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্ত ছিলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ করেসপন্ডেন্ট মীর মোহাম্মদ জসীম, কানাডার ইমিগ্রেশন নিউজ ২৪-এর সম্পাদক উজ্জ্বল দাস, অনুপম নিউজ ২৪ ইউকে’র সম্পাদক ও প্রকাশক মুহিব উদ্দিন চৌধুরী, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবির, রেড লাইভ নিউজের সম্পাদক তাহমিনা বারী রিনি, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং তথ্য ও গবেষণা সম্পাদক এবং কালের কলম পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুল ইসলাম।
উল্লেখ্য, মালয়েশিয়ায় গত বছরের মার্চ মাস থেকেই করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনসহ বিভিন্ন কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। তারই ধারাবাহিকতায় অনেকেই ছুটিতে গিয়ে আর কর্মস্থলে ফিরে আসতে পারেননি। অন্যদিকে ছুটিতে থাকা প্রবাসীরা জানেন না- কবে তারা কর্মস্থলে ফিরতে পারবেন। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারও দেশটিতে সবাই প্রবেশ করতে পারবেন বলে ধারণা প্রবাসীদের।
এছাড়াও কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন থেকে এমআরপি সার্ভিসের মাধ্যমে অনলাইনে পাসপোর্টের তথ্যাদি ঢাকায় প্রেরণ করলেও ঢাকা থেকে সময়মতো প্রিন্ট হয়ে পাসপোর্ট মালয়েশিয়ায় না আসায় সেবা প্রত্যাশীদের মধ্যে হতাশা বিরাজ করছে। রেমিট্যান্স যোদ্ধারা আশায় রয়েছেন, কবে পাসপোর্ট হাতে পাবেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশে সংশ্লিষ্টদের সুদৃষ্টি দেয়ার আহবান জানিয়ে আলোচকরা বলছেন, মালয়েশিয়া প্রবাসীরা আগের মতো দ্রুততম পাসপোর্ট হাতে পেয়ে বৈধতার সুযোগ নেবেন এবং অন্যরা ভিসা নবায়ন করে নেবেন।
এবারের বাজেটে রেমিট্যান্স প্রণোদনা শতকরা ২ শতাংশ থেকে ৪ শতাংশ করারও আহ্বান জানানো হয়। সভায় প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য এবং বিদেশে মারা মারা যান তাদের লাশ বিনা খরচে দেশে পাঠানোসহ সবার পেনশন ভাতারও দাবি জানানো হয় ভাচুয়াল এই সভায়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051