গাজীপুরের শ্রীপুরে সৈয়দ মাসুম আহমেদ নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
খুনের উদ্দেশ্যে একদল ঘাতক ঘরের তালা ভেঙে ওই ছাত্রলীগ নেতার বসত ঘরে আগেই ঢুকে অপেক্ষায় ছিল। বাড়ির অন্য সব ঘরের দরজা বাইরে থেকে আগেই আটকে দিয়েছিল দুবৃত্তরা। ঘড়ির কাঁটা তখন রাত ৩টার ঘর ছুঁই ছুঁই। ঈদের দিন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেন মাসুম। ইজারা নেওয়া মাওনা চৌরাস্তা পশুর চামড়ার বাজার দেখভাল শেষে বন্ধু মো.জুবায়েরের মোটর সাইকেলে চড়ে বাড়ি ফিরে আসেন ৩টার দিকে। বাড়ি ফেরার সময় তার পায়ের আওয়াজ পেয়ে ঘাতকের দল ঘর থেকে বেরিয়ে এসে মাসুমকে আক্রমণ করে। এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠানে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
একদিন মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়ন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও মেধাবী ছাত্রলীগ নেতা সৈয়দ মাসুম আহমেদ।
জানা যায়, নিহত মাসুম আহমেদ শ্রীপুর পৌরসভা বেড়াইদের চালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে মাসুম ছিল সবার ছোট। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মাসুম। শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ারও ঘোষণা দিয়েছিলেন। স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান, সভাপতি হওয়ার সম্ভাবনাও ছিল তার।
নিহতের বন্ধু জুবায়ের জানান, বাসার একটু দূরে তাকে নামিয়ে তিনি নিজের বাড়িতে চলে যান। পায়ে হেঁটে মাসুম তার বাসার দিকে যেতে থাকে। বাসায় প্রবেশের পর দুর্বৃত্তরা তার ওপর ঝাপিয়ে পড়ে।
মাসুমের চাচা মোফাজ্জল হোসেন বলেন, এ সময় তার বাড়ির অন্যান্য ঘরের দরজা বাইরে থেকে আটকানো ছিল। মাসুমের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বাড়ির অন্যান্য ঘরের দরজা খুলে দেন এবং তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়ন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানেই শুক্রবার সকালে মাসুমের মৃত্যু হয়। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেন মাসুম।
গাজীপুর ৩ আসনে সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ছাত্রলীগ নেতা মাসুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক টিম ঘাতকদের গ্রেপ্তারে মাঠে নেমেছে। নিহতের চাচা মোফাজ্জল হোসেন বৃহস্পতিবার অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করেছেন। এ হত্যার রহস্য ও ঘাতকদের চিহ্নিত করতে পিবিআই পুলিশের সদস্যরাও তদেন্ত নেমেছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051