
সফরকারী অস্ট্রেলিয়াকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ইংল্যান্ড। সাউদাম্পটনের রোজ বোলে অনুষ্ঠিত ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অজিদের হারায় স্বাগতিকরা। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।
টসে হারা ইংল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটা তেমন ভালো হয়নি। মাত্র ৮ রানেই ওপেনার জনি বেয়ারস্টো ফিরে যান। তবে ২৯ বলে ৪৪ রানের ইনিংসে দলকে ভালো অবস্থানে নিয়ে পরে আউট হন অপর ওপেনার জস বাটলার।
পরে ডেভিড মালানের সর্বোচ্চ ৬৬ রানে ভর করে ৭ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের অন্য কোনো ব্যাটসম্যানই বলার মতো কোনো রান করতে পারেননি। সফরকারীদের হয়ে ম্যাক্সওয়েল, রিচার্ডসন ও আগার নেন ২টি করে উইকেট।
জবাবে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলীয়রা। ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের উদ্বোধনী জুটিতেই আসে ৯৮ রান। আর্চারের বলে জর্ডানের হাতে ক্যাচ দিয়ে ৪৬ রান করে আউট হন ফিঞ্চ। ১৫তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে অজিদের সব হিসাব ওলট-পালট করে দেন আদিল রশিদ। ১ উইকেটে ১২৪ রানে থাকা অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ দুই উইকেট তুলে নেন তিনি। ওভারের দ্বিতীয় বলেই ১৮ রানে থাকা স্টিভেন স্মিথ ও শেষ বলে গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দেন প্যাভিলিয়নে।
শেষদিকে মাত্র ১৪ বলে ৯ রানে মধ্যে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। জয়ের জন্য তাদের শেষ ওভারে ১৫ রান দরকার হলেও আসে মাত্র ১২ রান। ফলে হাতে ৪ উইকেট হাতে রেখেও ২ রানের হারে মাঠ ছাড়ে অজিরা। ম্যাচের সেরা খেলোয়ার হন ইংল্যান্ডের ডেভিড মালান।
আগামীকাল ৬ সেপ্টেম্বর, রবিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ