
এস এইচ এম আরিফ বিল্লাহ একজন বিতর্কিত নিকাহ রেজিষ্টার। অপকর্মের দায়ে বহুবার মারধর খেয়েছেন। দায়িত্ব পালন করেন শৈলকুপা পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে। অথচ সেখানে তিনি বিয়ে না পড়িয়ে ঝিনাইদহ শহরে দাপিয়ে বেড়ান। ঝিনাইদহ পৌরসভার চাকলাপাড়া এলাকায় তিনি একাধিকবার বিয়ে পড়িয়ে বিতর্কিত হয়েছেন। বাল্য বিয়ে পড়ানোর কারণে আদালতে তার বিরুদ্ধে একাধির মামলা। এমন একটি মামলায় তার এক মাসের কারাদন্ড ও কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুধু অর্থদন্ড ও সাজা ভোগের আদশে দিয়েই বিজ্ঞ আদালত ক্ষ্যান্ত হননি। ২০১৭ সালের বাল্য বিবাহ নিরোধ আইনের ১১ ধারা অনুযায়ী কাজী এস এইচ এম আরিফ বিল্লাহ’র মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্টারের লাইসেন্স বাতিল হয়েছে। সম্প্রতি ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতের বিচার মোঃ ফারুক আযম এই রায় ঘোষনা করেন।
এস এইচ এম আরিফ বিল্লাহ শৈলকুপা কাজীপাড়া ফুলহরি গ্রামের মরহুম সৈয়দ মোবাশ্বের আলীর ছেলে। মামলা সুত্রে জানা গেছে, ২০২২ সালে হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের জনৈক আব্দুল মান্নান জোয়ারদারের কিশোরী কন্যার বিয়ে পড়ান এস এইচ এম আরিফ বিল্লাহ। মেয়ের বয়স না হওয়ার পরও তিনি তথ্য গোপন করে নিকাহ রেজিষ্টার সম্পন্ন করেন।
শৈলকুপা পৌরসভার কাজী হয়েও তিনি এই অপকর্ম করে আলোচনায় উঠে আসেন। বাল্য বিয়ের দায়ে ওই মেয়ের পিতা চাঁদপুর গ্রামের আব্দুল মান্নান জোয়ারদার আদালতে মামলা করে বসেন। মামলায় এস এইচ এম আরিফ বিল্লাহ ছাড়াও ৬জনকে আসামী করা হয়। বয়স না হওয়ায় মেয়েকে বাগেরহাট সংশোধনাগারে পাঠানো হয়। আর বর মুন্না জোয়ারদারকে পাঠানো হয় কারাগারে। দীর্ঘ আইনী পক্রিয়া শেষে বিজ্ঞ আদালত এই রায় ঘোষনা করেন। লাইসেন্স বাতিলের জন্য রায়ের কপি ঝিনাইদহ জেলা রেজিষ্টারের কাছে পাঠিয়ে বলা হয়েছে ৩০ দিনের মধ্যে লাইসেন্স বাতিলের কার্যক্রম গ্রহন করে বিজ্ঞ আদালতকে জানাতে হবে।
ভিন্নবার্তা/এমএসআই