শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত শিপ্রা দেবনাথ তাঁর সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চাইবেন। র্যাবের জিজ্ঞাসাবাদে এ কথা বলেছেন শিপ্রা দেবনাথ।
আজ সোমবার র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।
কক্সবাজারের রামু থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শিপ্রা জামিনে মুক্ত হয়েছেন গতকাল রোববার। শিপ্রাকে উদ্ধৃত করে র্যাবের মুখপাত্র আশিক বিল্লাহ বলেন, ‘তিনি (শিপ্রা) বলেছেন, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বিচার চান। তাঁর সঙ্গে যে অন্যায় হয়েছে, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ন্যায়বিচার চেয়ে যাবেন।’
র্যাবের মুখপাত্র জানান, সাহেদুল ইসলাম ওরফে সিফাতের সঙ্গে র্যাব কথা বলবে।
র্যাবের তদন্ত দল মনে করছে, সাবেক ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত আলী ও নন্দদুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদের আগে এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী সিফাত ও শিপ্রার সঙ্গে বিস্তারিত কথা বলা প্রয়োজন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ থেকে মূল তিন অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। সেটি করা হচ্ছে না।
আশিক বিল্লাহ জানান, এর আগে পুলিশ সিনহা হত্যাকাণ্ডের পর টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটিসহ যে তিনটি মামলা করেছিল, সেই মামলাগুলোর তদন্তও র্যাব করবে। এ ব্যাপারে আদালতের অনুমতি পেয়েছেন তাঁরা।
তা ছাড়া মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের বোন শাহরিয়া শারমিন ফেরদৌসের করা মামলায় র্যাব আসামিদের ১০ দিন রিমান্ডে নিতে পারবে বলে জানিয়েছিল।
র্যাবের অনুরোধের পরিপ্রেক্ষিতে তদন্তকালীন প্রয়োজনে অতিরিক্ত সময়ের জন্য আসামিদের রিমান্ডে নেওয়া যাবে বলে জানিয়েছেন আদালত।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051