
ভোলার লালমোহনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ করলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ৩ সেপ্টেম্বর ২০২০ সকাল ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটি কর্তৃক পরিচালিত ডাস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থীদের মধ্যে জনপ্রতি ৩ হাজার টাকা করে মোট ১ লাখ ১১ হাজার নগদ টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষে আবুগঞ্জ বাজারে ডাস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক এমপি শাওন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সমাজে বোঝা নয় সম্পদে রূপান্তরিত করেছেন। প্রধানমন্ত্রীর কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সকল এলাকায় প্রথম প্রতিবন্ধীদের নিয়ে কাজ শুরু করে। বাংলাদেশের মানুষ অটিজম ও অটিষ্টিক শিশুদের কথা প্রথম জানতে পারে তার কারণে। সারা বিশ্বে অটিজম ও অটিষ্টিক শিশুদের কল্যাণের জন্য কাজ করার জন্য সায়েমা ওয়াজেদ পুতুল পরিচিত। প্রতিবন্ধীদের পরনির্ভরশীল থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল একযোগে কাজ করে চলছেন।
দ্বীপ উন্নয়ন সোসাইটির পরিচালক হাজী ইউনুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন এমপি শাওন পুত্র ও তার আইসিটি উপদেষ্টা ইশরাক চৌধুরী নাওয়াল, লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল প্রমুখ। অনুষ্ঠানে ডাস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস