তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল তার স্বল্পসময়ের কর্মের মাধ্যমে আমাদের হৃদয়ে চিরজাগরূক হয়ে থাকবেন।
বঙ্গবন্ধুর বড় ছেলে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ আগস্ট) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘শহীদ শেখ কামালকে দুষ্কৃতিকারীরা হত্যা করলেও তার স্বল্প বয়সের কর্মের মাধ্যমেই যুগ যুগ ধরে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তিনি আমাদের মধ্যে জাগরূক থাকবেন। এ অল্প বয়সের মধ্যেই যে প্রতিভা ও সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর তিনি রেখেছিলেন, তাতে আমি মনেকরি, তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আরও অনেক উপকৃত হতো।’
দেশের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সর্বোপরি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শহীদ শেখ কামাল বিরাট ভূমিকা রাখতে পারতেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ছাত্রাবস্থায় ৬ দফা প্রচারে নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীনতার পর সংস্কৃতি ও ক্রীড়া অঙ্গনকে গড়ে তুলেছেন।
এরপর টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দিনটি উপলক্ষে প্রান্তিক চাষিদের মধ্যে বীজ বিতরণ করেন তথ্যমন্ত্রী। এসময় কেন্দ্রীয়, গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে ড. হাছান মাহমুদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে এবং এর পূর্বে ঢাকায় আবাহনী মাঠে দলীয়ভাবে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051