রাজশাহী নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে সুমাইয়া নামের ১০ মাসের এক শিশুকে চার ডোজ টিকা দেওয়া হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, এ সময় মোবাইল ফোন ও খোশগল্পে মশগুল ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) স্বাস্থ্যকর্মীরা।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ছোট বনগ্রামের শেখ রাসেল শিশু পার্কের পাশে আরবান ক্লিনিকে এ ঘটনা ঘটে। দায়িত্বে অবহেলার অভিযোগে চার স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন রাসিকের জনস্বাস্থ্য বিভাগের মাঠকর্মী জ্যোৎস্না, শিল্পী, তহমিনা ও সুপারভাইজার আজাহার আলী।
রাসিকের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, স্বাস্থ্য বিভাগের চিকিত্সা কর্মকর্তা বনি ক্লিনিকে এসেছিলেন। তিনি জানিয়েছেন, অতিরিক্ত টিকাদানে শিশুর কোনো সমস্যা হবে না।
টিকা নেওয়া শিশু সুমাইয়া চন্দ্রিমা থানাধীন আসাম কলোনির সাদ্দাম হোসেনের মেয়ে। সাদ্দাম জানান, তাঁর মেয়েকে গত ২৩ জুন তৃতীয় ডোজ দেওয়া হয়েছিল। গত ১২ ডিসেম্বর চতুর্থ ডোজ দেওয়ার কথা ছিল। তাঁরা রাজশাহীতে না থাকার কারণে ওই সময় টিকা দেওয়া হয়নি। রবিবার সন্তানকে নিয়ে টিকা দিতে যান তাঁর স্ত্রী। সেখানে একটি টিকার পরিবর্তে চারটি টিকা দেওয়া হয়। এরপর বাচ্চার গায়ে জ্বর এসেছে। দাঁড়াতে পারছে না। শুধু কান্না করছে। মায়ের বুকের দুধও পান করছে না।
টিকাদানকারী সুপারভাইজার মো. আজাহার আলী জানান, ভুলবশত স্বাস্থ্যকর্মী জ্যোত্স্না রেজিস্টার খাতা ও ট্যাব না দেখে বাচ্চাটিকে টিকা দিয়েছেন। একটি মুখে ও তিনটি ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়েছে।
রাসিকের জনস্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, ‘এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051