
ফেনীর দাগনভূঞায় মিফতাহুল মালিহা অপ্রা (৫) নামে প্রাক প্রাথমিক শ্রেণির এক শিশুকে পাশবিক নির্যাতনের পর ফাঁস দিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার উপজেলার জায়লস্কর ইউনিয়নে এ পাশবিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়।
নিহত ওই শিশু দক্ষিণ নেয়াজপুর গ্রামের ওসমান গনির মেয়ে ও নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ছিল।
শিশুটির ফুফু তোহরা আক্তার বিউটি জানান, ‘আমাদের বাড়ির পাশেই বিদ্যালয়। সকালে বিদ্যালয়ে গিয়ে ক্লাসের ফাঁকে পানি খাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ হয় অপ্রা। পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুরে বিদ্যালয়ের পাশের কবরস্থানের ঝোঁপের ভেতর কে বা কারা শিশুটি ধর্ষণের পর হত্যা করে বড় একটি গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখে।
নিহত শিশুর মা আমুতুর রাহিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রতিদিনের মতো ঐ দিন সকাল ৯টায় স্কুলে যায়। স্কুল ছুটির পরেও বাসায় না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজ করেন। পরে মসজিদের মাইকে ঘোষণা করেন। তিনি আপ্রা হত্যার বিচার চান।
এদিকে শিশু অপ্রাকে হত্যার ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। স্থানীয়রা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তের পর হত্যার কারণ জানা যাবে। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/আর