শিক্ষার্থীদের নিজের সন্তানের মত সদাচারণ করে এবং নৈতিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
তিনি বলেছেন, আগামী দিনে দেশ পরিচালনায় ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের নৈতিক শিক্ষা দিতে হবে।
শনিবার (৯ অক্টোবর) রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষা কার্যক্রম পরিদর্শন এবং নবনির্মিত ওযুখানা ও শিক্ষক মিলনায়তনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজের সন্তানের মত সদাচারণ করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ। করোনা মহামারির মধ্যে ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদানের ব্যবস্থা করেছেন। মহামারি থেকে আজ আমরা মুক্তি লাভ করেছি। ফলে স্কুল-কলেজ, শিল্প কলকারখানা খুলে দেওয়া হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের মাতৃত্বসুলভ মনোভাব নিয়ে পাঠদানের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
এর আগে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির ওযুখানা উদ্বোধন করেন এবং কোভিড-১৯ পরবর্তী স্বাস্থ্যসম্মত পরিবেশে পাঠদান হচ্ছে কি না, তা দেখতে শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এসময় স্বাস্থ্যবিধি মানা ও ভালো ফলাফল অর্জনে লেখাপড়ার ওপর মনোযোগী হতে শিক্ষার্থীদের পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
পরে তিনি মিরপুর ১৩ নম্বর সেকশনে আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নব নির্মিতব্য চারতলা ভবন স্থাপনের জায়গা ঘুরে দেখেন এবং গুণগত মান বজায় রেখে এর অবকাঠামো নির্মাণকাজের পরামর্শ দেন।
অনুষ্ঠানে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ব্রাঞ্চ-৩ এর প্রধান শিক্ষক আখলাখ আহমেদ বক্তৃতা করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051