
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়টির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান এবং স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রাক্তন ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ১১ (১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভাইস-চ্যান্সেলর পদে অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে আগামী ৪ (চার) বছর। তবে এর মধ্যে তার অবসর গ্রহণের তারিখ চলে এলে প্রজ্ঞাপন অনুযায়ী যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করতে পারবেন।
নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, উপাচার্য পদে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন বলেও জানানো হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051