প্রথম দিনটা রাঙিয়েছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিনে উজ্জ্বলতা ছড়িয়েছেন মুমিনুল হক। দুজনেই সেঞ্চুরির সাফল্য পেয়েছেন। আট বছর অপেক্ষার পর দেশের বাইরে প্রথম সেঞ্চুরি করলেন বাংলাদেশ অধিনায়ক। শান্ত ছাড়িয়ে যান দেড়শর ঘর। দুই সেঞ্চুরিয়ানের শক্ত জুটিতে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। তবে আলোর স্বল্পতার কারণে দ্বিতীয় দিনের পুরো খেলা মাঠে গড়ায়নি। অবশ্য পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে মমিনুল হকের দল।
আজ বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে ৪৭৪ রান। অপরাজিত আছেন মুশফিকুর রহিম (৪৩) ও লিটন দাস (২৫)। দিনের খেলা ২৫ ওভারের মতো বাকি ছিল। তাই আগামীকাল শুক্রবার নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে মাঠে গড়াবে টেস্টের তৃতীয় দিন।
সেঞ্চুরির পাশাপাশি নিজেদের ঝুলিতে নতুন রেকর্ড পুরেছেন মুমিনুল ও শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে এই জুটি। দুজন মিলে গড়েছেন ২৪২ রানের জুটি। তৃতীয় উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এর আগে সর্বোচ্চ ছুটি ছিল ২৩৬ রানের। সেই জুটিতেও অবশ্য নাম ছিল মুমিনুলের। সঙ্গে ছিলেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই আগের রেকর্ড জুটি গড়েন মুমিনুল-মুশফিক।
গতকাল বুধবার টেস্টের প্রথম দিনই নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন দেড়শ হাঁকিয়ে সম্ভাবনা এগিয়ে নেন ডাবল সেঞ্চুরির দিকে। কিন্তু শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরির মাইলফলক ছোঁয়া হলো না। ১৬৩ রানে থামল শান্ত এক্সপ্রেস। একদম টেস্ট মেজাজে খেলা শান্ত এই রান তুলতে খেলেছেন ৩৭৮ বল। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৭টি বাউন্ডারি ও এক ছক্কায়।
আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেঞ্চুরি হাঁকালেন মুমিনুল হক। লাঞ্চ বিরতির আগে ধনঞ্জয়ার বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। ২২৪ বলে শতক স্পর্শ করেন তিনি।
অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার অফ স্টাম্পের একটু বাইরের বল কাট করে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটান মুমিনুল। ক্যারিয়ারের অষ্টম বছরে এসে বিদেশে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন মুমিনুল। সেঞ্চুরির পর শেষ পর্যন্ত ১২৭ রানে থামেন অধিনায়ক। ৩০৪ বলে তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি। এরপর জুটি বেঁধে দিনের বাকি অংশ পার করেন মুশফিক ও লিটন।
এর আগে গতকাল বুধবার পাল্লেকেলে টেস্টের প্রথম দিন দারুণভাবে পার করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং তামিম ইকবালের বড় ইনিংসে ভর করে প্রথম দিনই তিনশ ছাড়ানো ইনিংস গড়ে সফরকারীরা। আজ সেই ইনিংস বড় করার লক্ষ্যে মাঠে নেমেছে মুমিনুল হকের দল। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম দিন আগে ব্যাট করতে নেমে দুই উইকেটে ৩০২ রান করে বাংলাদেশ।
এদিন বড় দুটি জুটির একটিতে শান্তর সঙ্গী তামিম, আরেকটি মুমিনুল হক। চোখধাঁধানো সব শটের প্রদর্শনী মেলে ধরে তামিম আউট হয়ে যান ৯০ রান করে। দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরির আশায় থাকা মুমিনুল দিন শেষে অপরাজিত ছিলেন ৬৪ রানে। এরপর আজ প্রথম সেশনেই নিজের লক্ষ্যে পৌঁছে যান বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ প্রথম ইনিংস : ৪৭৪/৪ (ওভার ১৫৫) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৪৩*, লিটন ২৫*; লাকমল ৩১-১২-৭৪-০, ফার্নান্দো ২৮-৮-৭৫-২, ম্যাথিউজ ৭-১-১৪-০, ধনঞ্জয়া ২৭-১-১১২-১, সিলভা ৩৩-২-৯৪-০)।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051