নাটোরের বড়াইগ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধকে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত আব্দুস সামাদ উপজেলার বনপাড়া পৌরসভার গুনাইহাটি গ্রামের মৃত বাছের প্রামাণিকের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গুনাইহাটি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে এহিয়ার একই গ্রামের আব্দুস সামাদের জমি লিজ নিয়ে চাষাবাদ করতেন। কিন্তু জমির লিজ মূল্যের ৫০ হাজার টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ বাধে।
গত সোমবার সকালে আব্দুস সামাদ বাজার করার উদ্দেশ্যে বনপাড়ায় যাচ্ছিলেন। পথে বাড়িসংলগ্ন পুকুরপাড়ে একা পেয়ে এহিয়া ও তার ছেলে জাহাঙ্গীর লাঠি ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেন।
পরে বুধবার ভোর পৌনে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে কালশিরা দাগ রয়েছে। জমি লিজসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051