
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার ইসলামিক মডেল মাদরাসার নিরাপত্তা গেট নির্মাণে বাধা ও মাদরাসা দখলের হুমকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে, উপজেলা পরিষদ সংলগ্ন ইসলামিক মডেল মাদরাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
মাদরাসার সিনিয়র শিক্ষক আজিম উদ্দিন খান জানান, লালমোহন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পরিচালিত মাদরাসাটি গত ৩০ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানের নিজস্ব বাউন্ডারি ও গেট থাকলেও, ভোলা-চরফ্যাশন মহাসড়ক উন্নয়ন ও পৌরসভার ড্রেন নির্মাণের সময় সেগুলো ভেঙে ফেলা হয়। পরে নিরাপত্তার স্বার্থে গেট পুনর্নির্মাণের উদ্যোগ নিলে প্রতিবেশী অহিদুর রহমান ও তার নাতি ফারহান অয়ন বাধা প্রদান করেন।
মাদরাসার অধ্যক্ষ আব্দুজ জাহের জানান, মাদরাসার দাতা মরহুম সামছুল হক মাস্টারের সন্তান সিদ্দিক হায়দারের সঙ্গে অহিদুর রহমান গংদের জমি-সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এ বিষয়ে একাধিক শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কাগজপত্র যাচাই-বাছাই করে শালিসগণ মাদরাসার পক্ষেই রায় দেন। এমনকি জরিপ অফিসেও আপত্তি জানালে, সেখান থেকেও মাদরাসার পক্ষে রায় আসে।
তিনি আরও বলেন, বর্তমানে মাদরাসায় প্রায় ৮০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। গেট না থাকায় শিক্ষার্থীরা প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই গেট নির্মাণ জরুরি হয়ে উঠেছে। কিন্তু নির্মাণকাজ শুরু করতেই অহিদুর রহমানের পক্ষ থেকে বাধা ও হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে অহিদুর রহমান বলেন, “মহাসড়কের পাশের ৪৯৪ দাগের ৫ শতাংশ জমি আমাদের ওয়ারিশি সম্পত্তি। মাদরাসা কর্তৃপক্ষ আমাদের জমি ভোগদখল করছে। আমরা বহুবার মিমাংসার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের জমি ছাড়তে রাজি হয়নি। সেটেলমেন্ট অফিসে প্রভাব খাটিয়ে জমির কাগজ তাদের নামে করে নিয়েছে। এখনও বিরোধ চলছে। আজ তারা মিমাংসা ছাড়াই গেট নির্মাণে এগিয়ে গেলে আমি বাধা দিই। তবে গালিগালাজ বা হুমকি দেইনি।”
মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করবেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051