
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ইসলামী ছাত্রশিবিরের লালমোহন উপজেলার সরকারি শাহবাজপুর কলেজ শাখার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি শাহবাজপুর কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি চলে। “রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন থাকুন, বিপদে রক্ত দিয়ে মানবতার পাশে থাকুন”—এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পেইন ঘিরে কলেজ চত্বর পরিণত হয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মিলনমেলায়।
এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। শত শত মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদানে আগ্রহী হন এবং জরুরি পরিস্থিতিতে রক্ত সরবরাহের গুরুত্ব সম্পর্কে সচেতনতা লাভ করেন।
আয়োজকরা জানান, নিজের ও পরিবারের রক্তের গ্রুপ জানা শুধু ব্যক্তিগত সচেতনতাই নয়, বরং সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ মানবিক প্রস্তুতি। দুর্ঘটনা বা সংকটময় সময়ে দ্রুত রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানো সম্ভব—এই বার্তাটিই ছড়িয়ে দিতে চায় এই উদ্যোগ।
লালমোহন উপজেলা উত্তরের ইসলামী ছাত্রশিবির সভাপতি আব্দুর রহমান বলেন, “আমাদের এই ক্যাম্পেইন কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং মানবতার প্রতি আমাদের দায়িত্ববোধের অংশ। আমরা চাই, লালমোহনের প্রতিটি মানুষ নিজের রক্তের গ্রুপ জানুক এবং প্রয়োজনে মানবতার সেবায় এগিয়ে আসুক। সমাজকে সচেতন ও মানবিক পথে গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”
এ উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই জানান, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।