লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহন জোনাল বিদ্যুৎ অফিস থেকে ইস্যুকৃত ৩১টি ট্রান্সফরমার খুলনায় পাচারের সময় বরিশাল বিমানবন্দর থানা পুলিশ দুইজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে ট্রান্সফরমারবোঝাই ট্রাকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন খুলনার সোনাডাঙ্গা থানার শওকত হোসেনের ছেলে মো. সজল ও ভোলার শশীভূষণ থানার ইসমাইল সরদারের ছেলে মো. হাসান। তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ ট্রান্সফরমারসহ আটক করে।
জানা গেছে, এসব ট্রান্সফরমার ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার সাদ্দাম হোসেনের। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান হাটে। তিনি মেসার্স কর্ণফুলী ট্রেডার্স নামে প্রতিষ্ঠান চালান এবং চরফ্যাশন ও লালমোহনে বিদ্যুতের ঠিকাদারি কাজ করেন।
অভিযোগ রয়েছে, কার্যাদেশে স্টোর থেকে উত্তোলন করা ট্রান্সফরমারগুলো লালমোহনে ব্যবহার না করে অবৈধভাবে খুলনায় বিক্রির চেষ্টা করছিলেন সাদ্দাম। অথচ এ বিষয়ে তদারকি করার দায়িত্বে থাকা লালমোহনের এজিএম (কম.) খালেদ মাসুদ মজুমদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা যথাযথ দায়িত্ব পালন করেননি।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, আটক দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনায় মামলা করা হয়েছে।
ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মাহমুদুল হাসান বলেন, “জব্দ হওয়া ট্রান্সফরমারগুলো লালমোহনের। এগুলো ঠিকাদার কার্যাদেশে উত্তোলন করেছিলেন, তবে অনুমোদিত ব্যবহারের বাইরে অন্যত্র নেওয়া সম্পূর্ণ অবৈধ।”
এদিকে এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতিতে তোলপাড় শুরু হলেও সংশ্লিষ্ট ঠিকাদার সাদ্দাম হোসেন ও এজিএম (কম.) খালেদ মাসুদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051