একটা লাগেজ গুছিয়ে নিরুদ্দেশ হব ভাবছি
সঙ্গে থাকবে প্রয়োজনীয় সবকিছু
এই যেমন—জমির দলিল,
সঞ্চয়পত্র, ব্যাংকের চেক ইত্যাদি।
ওহ! ভুলেই গেছি,
আমার তো কোনো জমি নেই
নেই প্লট, ফ্ল্যাট বা ভিলা।
যাক! এসব কাগজপত্র গোছানোর
ঝামেলা থেকে বাঁচা গেল।
সঞ্চয়পত্র?
আহারে আহ্লাদ! সঞ্চয়টা করলাম কবে?
মাস কাভার দিতেই তো জীবন সারা।
তবে চেকবইটা সঙ্গে নেব
বইটা বেশ সুন্দর! একদম নতুন।
নামকরা ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে
তোমাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিতে পারি
সংখ্যাটা বসিয়ে নিও, কার্পণ্য করবে না কিন্তু।
হাসছো কেন?
যদিও এই তাচ্ছিল্য নতুন কিছু নয়
ভাবছো, আমার লাগেজ গোছানো হবে না?
এবারও পারব না?
ভীষণ বোকা তুমি! তোমার জন্য মায়া হয়।
দেখে নিও, এ যাত্রায় ফিরছি না আর
ধুলো জমা লাগেজটা নিয়ে সত্যিই বেরিয়ে পড়ব
লাগেজে ঠাঁসা থাকবে শুধু
স্মৃতি, স্মৃতি আর স্মৃতি…
লাগেজ
১৪ মে ২০২৬
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051