লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে আসা ৪৭ যাত্রীর মধ্যে ৪১ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাঁদের সিলেটের তিনটি হোটেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বাকি ছয় যাত্রী ঢাকায় গেছেন।
তবে অনেকে কোয়ারেন্টিনে যেতে অনীহা প্রকাশ করেন। অনেকে হোটেলের মান ও ভাড়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিমানে আসা যাত্রীদের জেলা প্রশাসনের নির্ধারিত দুটি হোটেল নগরের দরগা গেইট এলাকার স্টার প্যাসিফিক হোটেল ও হলি গেইট হোটেলে রাখা হয়। হোটেলগুলোতেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। হোটেলের নিজস্ব নিরাপত্তার পাশাপাশি পুলিশও দায়িত্ব পালন করছে।
স্টার প্যাসিফিক হোটেলের মূল ফটকের ভেতরে সেন্ট্রাল লন্ডন থেকে আসা হাসান মাহমুদ অভিযোগ করে বলেন, ‘যথাযথ প্রক্রিয়া মেনে ইংল্যান্ডে করোনা টেস্ট করিয়ে তারপর এসেছি। কিন্তু আমাদের এমনভাবে দেখা হচ্ছে যেন সবাই করোনা রোগী।’
একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হোটেলগুলোতে বেশি ভাড়া চাওয়া হচ্ছে। পাশাপাশি ১৪ দিনের ভাড়া অগ্রিম দিতে বলা হচ্ছে। এসব কারণে তাঁরা সিদ্ধান্ত নিতে পারছেন না।
এ বিষয়ে স্টার প্যাসিফিক হোটেলের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ জয় দেব জানান, রুমভাড়া ও খাবারের বিল যাত্রীদের পরিশোধ করতে হবে। এই হোটেলে সিঙ্গেল রুমের ভাড়া চার হাজার ও ডাবল রুমের ভাড়া পাঁচ হাজার টাকা।
হলি গেইট হোটেলের সিনিয়র ম্যানেজার অজয় সিনহা জানান, তাঁদের হোটেলে ২৭ জন যাত্রী উঠেছেন। এখানে সিঙ্গেল রুম ভাড়া এক হাজার ৮০০ টাকা এবং ডাবল রুম দুই হাজার ২০০ টাকা।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (কভিড-১৯) শাম্মা লাবিবা অর্ণব বলেন, যাত্রীরা যাতে হোটেলের বাইরে যেতে না পারেন এবং হোটেলে যাতে তাঁদের স্বজনরা প্রবেশ করতে না পারেন, তা তদারকি করতে হোটেলগুলোর সামনে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা থাকবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051