লঞ্চের নকশা পুনর্বিন্যাসে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের দেখতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে তিনি এ কথা বলেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৯টা ৫৫ মিনিটে প্রতিমন্ত্রী সেখানে যান। এসময় নৌ প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন, হেলথ সেক্টর সবাইকে দিয়ে সবধরনের সহযোগিতা করা হবে। তদন্ত রিপোর্ট অনুসরণ করে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, লঞ্চের বর্তমান নকশায় স্বাস্থ্যসম্মতভাবে যাত্রীসেবা দেওয়া সম্ভব নয়। যাত্রী পরিবহন নিরাপদ করার ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চের বর্তমান নকশা সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চের ডেকোরেশন, ইলেক্ট্রিসিটির তারে ঝুঁকি আছে, দুর্বল তার না ব্যবহার করার আহ্বান। নৌপরিবহন সেক্টর নিরাপদের শক্ত অবস্থান নেওয়া হবে। যাত্রী কল্যাণ ফান্ড থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।
এদিকে, রাত ৯টা ৫০ মিনিটের দিকে ওই ঘটনায় দগ্ধ মমতাজ বেগম (৭০) ও লামিয়া আক্তারকে (১৩) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। আর সাড়ে নয়টার দিকে খাদিজা আক্তার (২৭), হাবিবুর খান (৪৫) ও রাসেল (৩৮) নামে তিনজনকে সেখানে আনা হয়। এছাড়া রাত নয়টার পর বঙ্কিম মজুমদার (৬০) ও মনিকা রানী (৪৫) নামে দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। এ নিয়ে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ ১৫ জনকে ঢাকায় আনা হলো।
এর আগে সন্ধ্যার দিকে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাদের আনা হয়েছে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও অগ্নিদগ্ধ আরও ৭৬ জন বরিশালে আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানান মন্ত্রী।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুন লাগে। খবর পেয়ে বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠির কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে মারা গেছেন ৪০ জন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051