লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়সহ কয়েকটি দোকান ভাঙচুর চালানো হয় এবং পিটিয়ে ১০ নেতাকর্মীকে আহত করা হয়।
সোমবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উত্তর চরপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে এ ঘটনা ঘটে।
কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল আহমেদ রতন ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন বাপ্পির নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৮টা থেকে তোরাবগঞ্জসহ কমলনগর-রামগতি উপজেলার ছয় ইউনিয়ন ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের ভোটগ্রহণ চলছে। দুপুরে নির্বাচনী কেন্দ্রের পরিস্থিতি পরিদর্শনে তোরাবগঞ্জে আসেন আওয়ামী লীগ নেতা পিংকু। পরে তিনি ওই কেন্দ্রের অদূরে নেতাকর্মীদের নিয়ে বসে ছিলেন।
একপর্যায়ে রতনসহ যুবলীগের নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালান। এসময় ইটপাটকেলের নিক্ষেপে পিংকুর গাড়ির সামনের ও পাশের কাঁচ ভেঙে যায়। একই সময় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের ব্যক্তিগত গাড়িতেও হামলা করা হয়।
হামলার বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল আহমেদ রতন বলেন, ‘কে গাড়ি ভাঙচুর করেছে, আমি জানি না। আমি এখন আত্মগোপনে আছি।’
আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক পিংকু বলেন, ‘রতন-বাপ্পি বাহিনী অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে আমাদেরকে হত্যাচেষ্টা চালিয়েছেন।’
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, যুবলীগের আহ্বায়ক বাপ্পি নৌকার বিরুদ্ধে নির্বাচন করছেন বলে শুনেছি। বিষয়টি তদন্ত করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051