জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকার একটি মেস থেকে মুহাম্মদ বনী আমিন ফকির নামে ওই শিক্ষার্থীকে তুলে নেওয়া হয় বলে জানান তার সহপাঠীরা। তবে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করছে র্যাব।
সিরাজগঞ্জের ছেলে বনী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় গেরুয়া এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন তিনি।
ওই মেসে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী তন্ময় বলেন, র্যাব-৪ পরিচয় দিয়ে কয়েকজন মেসে ঢুকে আমাদের আলাদা একটি কক্ষে রেখে বনি আমিনের কক্ষে তল্লাশি চালায়। পরে বনি আমিনকে গাড়িতে তোলে। আমরা তাদের বাধা দিয়ে পরিচয় জানতে চাই এবং প্রক্টর বা প্রভোস্টকে জানিয়ে নিতে বলি। কিন্তু তারা আমাদের ভয়ভীতি দেখিয়ে দ্রুত চলে যায়।
এদিকে জাবি শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান চৌধুরী। তিনি বলেন, র্যাবের কোনো অভিযান পরিচালনা করা হয়নি। তুলে নেওয়ার ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, আমরা বিষয়টি জানার পর র্যাব ৪ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কথা বলে বিস্তারিত জানাতে পারব।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051