র্যাগিং ও যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৬২তম সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী মেহেদী হাসান (মেহেদী কাওছার) ও রাকিব মোল্লা (রাকিব ইসলাম ফারাবি)। তাদের দুজনকে জুনিয়র ব্যাচের শিক্ষার্থীদের র্যাগিং দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
আরেকজন পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আশিকুল ইসলাম আশিক। এ শিক্ষার্থীর বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।
শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে র্যাগিংয়ের জন্য ব্যবস্থা নিতে দুজনের নাম প্রস্তাব করা হয়। মেহেদী ও রাকিব নামে ওই দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এসময় তাদের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এছাড়া তাদের বিরুদ্ধে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারহানা জামান, সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও ডেপুটি রেজিস্ট্রার এনামুল হক মোল্লা।
প্রক্টর মোস্তফা কামাল আরো বলেন, এছাড়া আশিকুল ইসলাম নামে পদার্থ বিজ্ঞান বিভাগের এক ছাত্রকে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তার বিরুদ্ধে পদার্থ বিজ্ঞান বিভাগ যৌন নিপীড়ন বিরোধী সেল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী সেল এই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051