রৌমারী (কুড়িগ্রাম): অবশেষে কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে রৌমারী সীমান্তে ৯৫টি গরু ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-৭২ এর মাঝামাঝি এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের বালিয়ামারী কোম্পানি কমান্ডার সুবেদার শরিফ উদ্দীন এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৮৮ ব্যাটালিয়নের পক্ষে এসআই এসএন রাজ উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকের পর গরুগুলো ফেরত দেওয়া হয়।
উল্লেখ্য, রোববার বিকাল চারটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-৭২ এর মাঝামাঝি এলাকায় উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর সীমান্তে ১০-১৫ জনের একটি দল গরুগুলোকে ঘাস খাওয়াচ্ছিল। হঠাৎ অসাবধানতাবশত গরুগুলো নো-ম্যান্স ল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে ঢুকে যায়। এ সময় ভারতের কালাইয়েরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গরুগুলো ধরে নিয়ে যায়।
পরে গরুর মালিকরা অত্র ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ফরমান আলীকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি বালিয়ামারী কোম্পানি কমান্ডার সুবেদার শরিফ উদ্দীনের সঙ্গে যোগাযোগ করেন। দু’দিন অতিবাহিত হলেও গরুগুলো ফেরত দেয়নি বিএসএফ।
গরুর মালিকরা হলেন, সোহরাব হোসেন ৯টি, আপেল মিয়া ১২টি, রবিউল ইসলাম ৯টি, মাহুবর রহমান ১১টি, আবুল হাশেম ৬টি, মজর উদ্দিন ৪টি, ফজলুর রহমান ২টি, আজিবর রহমান ৪টি, শাহ জামান ৫টি, আমিন ২টি, তুহিন ১১টি, আবুবক্কর ৩টি, বাসেদ ৬টি, মাইদুল ইসলাম ৬টি ও জয়নাল আমেদের ৪টিসহ মোট ৯৫টি গরু।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051