
মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ৫ দিনব্যাপী উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এতে উপজেলার ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটরা অংশ নিয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুবুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে কাব স্কাউটদের মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুল করিমসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
৫ দিনব্যাপী এ ক্যাম্পুরীতে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, আত্মনির্ভরশীলতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে তাঁবু স্থাপন, দলীয় কার্যক্রম, শারীরিক কসরত, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক কার্যক্রম ও বিভিন্ন প্রতিযোগিতা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শৈশব থেকেই শিশুদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহযোগিতার মনোভাব ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাব স্কাউট আন্দোলনের মাধ্যমে শিশুরা আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল হয়ে ওঠার পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা পায়।
উপজেলা কাব ক্যাম্পুরীর সভাপতি ও ইউএনও মো. মাহাবুবুল হাসান বলেন, “পড়াশোনার পাশাপাশি এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রম শিশুদের শারীরিক সক্ষমতা, সৃজনশীলতা, নেতৃত্বের দক্ষতা ও চরিত্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখে।”
ক্যাম্পে অংশ নেওয়া কাব স্কাউটরা বিভিন্ন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এতে তাদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে। আয়োজকরা জানান, শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি এবং ভবিষ্যতে সৎ, দায়িত্বশীল, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন।
বিভিন্ন কর্মসূচি ও প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর কাব ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051