
মোস্তাফিজুর রহমান তারা,রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে ইরি-বোরো ধানের বীজতলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে তৈরি করা বীজতলার ধানের চারা শীতের আঘাতে বিবর্ণ হয়ে পড়ছে, অনেক ক্ষেত্রে চারাগাছ পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে আসন্ন বোরো মৌসুমে বীজ ও চারা সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কমে যাওয়ায় এবং দিনের বড় অংশজুড়ে সূর্যের আলো না থাকায় বীজতলার ধান স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারছে না। কনকনে ঠান্ডা ও কুয়াশার কারণে চারাগাছ দুর্বল হয়ে পড়ছে, ফলে অনেক কৃষককে নতুন করে বীজতলা তৈরির চিন্তায় পড়তে হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, বীজতলা তৈরিতে ইতোমধ্যে বীজ, সার ও শ্রম বাবদ উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছে। এর ওপর শীতের কারণে বীজতলা নষ্ট হলে ক্ষতির মাত্রা আরও বাড়বে। অনেক কৃষকই আশঙ্কা করছেন, সময়মতো সুস্থ চারা না পেলে বোরো আবাদ বিলম্বিত হবে।
এ বিষয়ে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম বলেন, অতিরিক্ত শীত ও কুয়াশা থেকে বীজতলা রক্ষায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি জানান, বীজতলায় যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি রাতে পাতলা পলিথিন বা খড় দিয়ে বীজতলা ঢেকে রাখা এবং দিনের বেলায় পর্যাপ্ত সূর্যালোক নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, দ্রুত কৃষকদের সহায়তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে রৌমারী উপজেলায় চলতি মৌসুমে ইরি-বোরো ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051