
কুড়িগ্রামের রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত নামফলক সাদা রং দিয়ে মুছে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের স্মৃতির প্রতি অবমাননা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন রৌমারী সাবেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ড আলহাজ্ব আব্দুল কাদের।
স্বাধীনতার মুক্তাঞ্চল হিসেবে পরিচিত রৌমারী মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান। মুক্তিযুদ্ধ চলাকালে ১১ নম্বর সেক্টরের অধীনে এখানে প্রশিক্ষণ নিয়ে অসংখ্য মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। এ যুদ্ধে রৌমারীর নয়জন মুক্তিযোদ্ধা শহীদ হন। তাঁদের স্মরণে ঐতিহাসিক চানমারীর পাশে নামফলকে শহীদদের নাম খোদাই করে লেখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত গভীর রাতে কে বা কারা চানমারী ও শহীদ মুক্তিযোদ্ধার নামফলকে ‘শেখ হাসিনা আসবে, জয়বাংলা’ লিখে যায়। পরে কৌশলে সাদা রং দিয়ে নামফলকসহ শহীদ মুক্তিযোদ্ধাদের নাম মুছে ফেলা হয়। এ ছাড়া এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে জনশূন্য সড়কে ছাত্রলীগের ব্যানার হাতে ফটোসেশন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্নে এমন কর্মকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দ্রুত নামফলকটি পুনরায় স্থাপনের দাবি জানিয়েছেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051