
মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকালে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে অতিথিরা শিশুদের হাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল তুলে দেন এবং অভিভাবকদের উদ্দেশ্যে ভিটামিন ‘এ’-এর প্রয়োজনীয়তা, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা ও অপুষ্টি প্রতিরোধে এর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী ও স্বেচ্ছাসেবকরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। নির্ধারিত বয়সের কোনো শিশু যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে অভিভাবকদের স্বতঃস্ফূর্তভাবে শিশুদের নিকটস্থ ক্যাম্পে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবকের উচিত নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে এ কর্মসূচির আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো।”
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051